পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহত

ওসি জানান, রংপুরের পীরগাছা থানার একটি মামলায় বকশী আসামি ছিলেন। তাকে গ্রেফতার করতে গেলে তিনি ছাদ থেকে লাফ দেন। এতে তার মৃত্যু হয়।

Location :

Savar
নিহত ছাত্রদল নেতা মনোয়ার হোসেন বকশী
নিহত ছাত্রদল নেতা মনোয়ার হোসেন বকশী |নয়া দিগন্ত

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে পুলিশের তাড়া খেয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ার হোসেন বকশী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাতে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিরাপত্তা কর্মী মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল এসে বিপিএটিসির আবাসিক এলাকায় তাদের পাঁচতলা ভবনের চারতলায় প্রবেশ করে তল্লাশি করে। পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করেন। এ সময় একজন পুলিশ সদস্য দৌঁড়ে ছাদে যান। এর কিছুক্ষণ পরই বাসার নিচে বিকট শব্দে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান।

এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নিচে নেমে বকশীর লাশ পড়ে থাকতে দেখতে পান। ঘটনার পর পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থান ত্যাগ করে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালের মর্গে পাঠালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি (তদন্ত ) নূর মোহাম্মদ জানান, রংপুরের পীরগাছা থানার একটি মামলায় বকশী আসামি ছিলেন। পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন বর্মন থানার রিকুইজেশান নিয়ে সাভার মডেল থানায় আসলে সাভার থানার পুলিশকে নিয়ে আসামিকে ধরতে গিয়েছিল। পরে আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।