ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

Location :

Madhukhali
ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর নিহত হন মির্জা ইশতিয়াক আহমেদ
ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর নিহত হন মির্জা ইশতিয়াক আহমেদ |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত প্রান্ত মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির পাশ থেকে ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে যায়। রোববার সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়।

নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপা অভিযোগ করে বলেন, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম জানান, পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে। সকালে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। শারীরিকভাবে আঘাতের কোনো চিহ্ন তার শরীরে নেই।

তিনি বলেন, সে কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে।