স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

দীপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সল ইসলাম জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে দীপু মনিকে নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে মরহুমের লাশ থাকবে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নয়া দিগন্ত

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে পুলিশের পাহারায় প্রিজনভ্যানে করে রাজধানীর ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাকে।

এর আগে বুধবার মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তার প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে।

প্যারোলে মুক্তির সময় দীপু মনি তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ দেখা এবং দাফন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হবে বলে জানা গেছে।

এর আগের দিন বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদনটি মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

দীপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সল ইসলাম জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে দীপু মনিকে নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে মরহুমের লাশ থাকবে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।