চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

নিহত রফিক উত্তর-পশ্চিম ছোট সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ির মরহুম ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি পেশায় একজন দিনমজুর।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur

চাঁদপুর সদরে গাছ কাটার সময় অসতর্কতাবশত গাছ থেকে পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার ব্যাপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উত্তর-পশ্চিম ছোট সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ির মরহুম ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি পেশায় একজন দিনমজুর।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় মুদি দোকানদার মিজানুর রহমান বলেন, রফিক পাটোয়ারী কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন। ঘটনার দিন তিনি সেলিম ব্যাপারী বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। নিহত ব্যক্তি স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।