রাঙ্গামাটি শহরের পৌরসভা, কাঠালতলী ও বনরূপা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকদের উত্তেজনাপূর্ণ অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে, রোববার (৩ মে) জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সংগঠনের একাংশ। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
বর্তমানে ১৪৪ ধারার আওতায় চারজনের বেশি লোকের জমায়েত, মিছিল-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
প্রশাসন জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।



