পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের সক্রিয় আইডি ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো: ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ও ডিবির ওসি মো: রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায়, এসআই মো: জাকারিয়া মাসুদ ও এসআই মহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দেবত্তর বাজার এলাকায় অভিযান চালালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইলফোনে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা ও অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



