রংপুরের তারাগঞ্জ উপজেলায় বন্ধুদের সাথে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। তাদের বাড়ি একই ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে।
পুলিশ ও স্বজনরা জানান, সকালে পাঁচ থেকে সাতজন বন্ধু মিলে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় অহিদ ও মাসুদ। একপর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
অহিদ ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মাসুদ রানা বাবা-মায়ের সাথে ঢাকায় বসবাস করত এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে পরিবারের সাথে গ্রামে আসে সে।
অন্যদিকে, অহিদ ইসলামের বাবা ভ্যানচালক। পরিবারকে সহযোগিতা করতে এক বছর আগে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয় অহিদ। ঈদের দুই দিন আগে সে বাড়িতে আসে।
সরেজমিনে তেলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই কিশোরের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম চলছে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান আল মামুন বলেন, “নদীতে ডুবে যাওয়া মাসুদ রানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ১টার দিকে একজনের লাশ এবং পরে দেড়টার দিকে অপরজনের লাশ উদ্ধার করা হয়।



