লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে বৈষম্য থাকবে না, ন্যায়বিচার কায়েম হবে। ন্যায়বিচার কায়েম করতে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ, আর কে দেশের প্রেসিডেন্ট। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজানো হবে।’
তিনি বলেন, ‘যারা সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, তারা এখন ভয় পাচ্ছে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ন্যায়বিচার সবার জন্য। এতোদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা ছিলে চোর, তোমরা জনগণের সম্পদ চুরি করেছো। এখন তোমাদের বসাব মর্যাদায়, তোমরা হবে দেশ গড়ার কারিগর। হালাল রুজি নিয়ে আমরাও যেমন বাঁচব, তোমরাও তেমনি বাঁচবে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের যে বেতন সুবিধা দেয়া হয়, তা মোটেও যথেষ্ট নয়। অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা-কর্মচারীদের সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র কোনো কর্মকর্তা-কর্মচারী অপরাধ করলে তাদের বিচারের অধিকার রাখে না। আগে তাদের সম্মান দিতে হবে, তারপর যদি কোনো অপরাধ করে, তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা বলি, এইটা আমাদের দেশ, আপনাদের সবার দেশ, সবাই মিলে গড়ব আগামীর বাংলাদেশ।’
তিনি আরো বলেন, ‘কেউ কেউ ভুল করে হোক, আর ইচ্ছাকৃতভাবে মায়েদের গায়ে হাত তুলেছে। আমরা তাদের পরিষ্কারভাবে জানাচ্ছি, প্রয়োজনে জীবন দিয়ে দেবো, তবুও মায়েদের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেবো না। এ দেশের নয় কোটি নারী আমাদের মা। এই মায়েদের আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা পাবে, পেশা নেবে, দেশ গঠনের দায়িত্ব নেবে। মায়েরা ঘরে, রাস্তায় ও কর্মস্থলে নিরাপদে কাজ করবে সর্বোচ্চ মর্যাদার সাথে।’
গণভোট নিয়ে তিনি বলেন, ‘আমাদের ভোট দু’টি, প্রথমে ‘হ্যাঁ’ ভোট, পরে দাঁড়িপাল্লা। আগামী ১২ তারিখে আমরা প্রথমে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শুরু করব। কেউ কেউ প্রথমে ‘না’ ভোটের পক্ষে কার্যক্রম শুরু করেছিল, কিন্তু পরে দেখেছে জনস্রোতে ‘না’ ভোট ভেসে যাবে, খবর পেয়ে তারা এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলেছে। অভিনন্দন ও মোবারকবাদ তাদের জন্য।’
জনসভায় জামায়াত আমির লালমনিরহাটের তিনটি ও নীলফামারীর চারটি আসনের জামায়াত প্রার্থীদের উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন।
নির্বাচনী জনসভায় সভাপত্বি করেন লালমনিরহাট জেলার আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের।
এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য প্রভাষক আতাউর রহমান, লালমনিরহাট-২ আসনের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ও এনসিপির নেতা রাসেল আহমেদ প্রমুখ।



