নৌকা ভ্রমণ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে রাসিক প্রশাসকের নির্দেশ

রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে রাসিক প্রশাসন
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে রাসিক প্রশাসন |নয়া দিগন্ত

রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

এরই প্রেক্ষিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সচিব সোহেল রানা রোববার (২৯ মার্চ) রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিশপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

এসময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে ইজারদারদের সর্তক করেন তিনি। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাসিক সচিব।

এবিষয়ে রাসিক সচিব সোহেল রানা বলেন, রাসিক প্রশাসকের নির্দেশে সিটি করপোরেশন থেকে ইজারা দেয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হলো। ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া, খানপুর সহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। সরেজমিন পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি করপোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়। ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে আমরা পরিদর্শনে এসেছি। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নৌকা মালিকদের সতর্ক করা হয়। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরিদর্শনকালে রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো: মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।