সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ঘর পুড়ে গেছে।
রোববার (৮ মার্চ) রাতে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা গ্রামের বাধের মাথা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে নইমুদ্দির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা ঘুঁটা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে লাল মিয়ার ৩টি বসতঘর, মোতালেবের ১টি বসতঘর এবং নইমুদ্দির ১টি গোয়ালঘর ও ২টি বসতঘরসহ মোট ৮টি ঘর পুড়ে যায়।
স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
সাঘাটা ফায়ার সার্ভিসের লিডার খলিলুর রহমান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে বলে তিনি জানান।



