ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি উপস্থিত সবার উদ্দেশে আগাম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ লাঘবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি আশ্বস্ত করে বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগ ও বিপদে সরকার সব সময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, খারুয়া ইউনিয়ন বিএনপির নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।



