বরিশালের উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে এক স্কুল শিক্ষার্থী ও এক বৃদ্ধা পথচারী ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জয়শ্রী এলাকার মরহুম পান্নু কাজীর স্ত্রী রোকসোনা ইয়াসমিন ও প্রবাসী রুবেল কাজীর ছেলে আরফাত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় অতিক্রমের সময় দুইজন পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে পথচারী রোকসোনা ইয়াসমিন (৬২) ও আরাফাত (৭) ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।



