রামেকে হাম চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রাসিক প্রশাসক

হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী মেডিক্যাল কলেজ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মেডিক্যাল কলেজ পরিদর্শনে রাসিক প্রশাসক |নয়া দিগন্ত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

শনিবার (৪ এপ্রিল) সকালে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।’

তিনি আরো বলেন, ‘রামেক হাসপাতালে আইসিইউ বেড সঙ্কট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’

রাসিক প্রশাসক বলেন, ‘সারাদেশের তুলনায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো। ইপিআই কর্মসূচির আওতায় সিটি করপোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।’

রাসিক প্রশাসক আরো বলেন, ‘হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, রামেক হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।