ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও উপপরিদর্শক (এসআই) আজগর ফারাজী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সাদা পোশাকে পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত রিফাত ও তার বন্ধু নিরপরাধ নাজিবুল হোসাইনকে আটক করে ইয়াবা দিয়ে সালাম দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেয় ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



