কুমিল্লার চৌদ্দগ্রামে সালাহ উদ্দিন সুজন নামের এক আপন ভাইকে সংসারের স্বচ্ছলতা ফেরাতে একটি অটোরিকশা কিনে দিয়েছেন তার দুই বোন। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে অটোরিকশাটি হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের সালাউদ্দিন সুজন বিভিন্ন কারণে তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। সন্তানসহ পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করায় বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপি ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসেন। তারা সালাউদ্দিন সুজনের জীবিকা নির্বাহের জন্য সোমবার বিকেলে একটি অটোরিকশা কিনে দেন। ভবিষ্যতে অটোরিকশাটি বিক্রি করতে পারবেন না মর্মে উপস্থিত আত্মীয়স্বজনের সামনে পুলিশকে সাক্ষী রেখে এটি হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সালাউদ্দিন সুজন বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অটোরিকশা চালিয়ে সংসার অতিবাহিত করতে পারি।’
বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপির ভাষ্য, ‘ভাই টাকা-পয়সা ও সম্পত্তি শেষ করে নিঃস্ব হয়ে গেছে। সংসার যেন ঠিকভাবে চালাতে পারে, তাই আমরা অটোরিকশাটি কিনে দিয়েছি।’
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ‘সালাউদ্দিন সুজনের কষ্ট দেখে বোনেরা একটি অটোরিকশা হস্তান্তর করেছেন। সমাজে এটি একটি ভালো কাজের দৃষ্টান্ত।’



