ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া নগরের মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে। তবে রাকিবের বাবার নাম-পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।
কোতুয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পেছনের সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে প্রথমে রাকিব তার কাটে। পরে সেটি নামানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



