দেবীগঞ্জে ইউএনও-্এর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Panchagarh
ইউএনও-্এর ওপর হামলা
ইউএনও-্এর ওপর হামলা |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম মামলাটি করেন।

থানা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার ভোর থেকেই পেট্রোল সরবরাহের খবরে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছে তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের সরে যেতে নির্দেশ দেন।

এ সময় দুইজন মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এতে লাইনে অপেক্ষমাণ ৩০-৪০ জন চালক হট্টগোল শুরু করে। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ কিছু ব্যক্তি ইউএনও ও সাথে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনওকে নিরাপত্তার জন্য পাশের একটি বাড়িতে সরিয়ে নেয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার সাথে থাকা অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার বিষয়ে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে।