১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে প্রধান শিক্ষকসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মালেক মোল্লা ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জলিলুর রহমান আকন্দ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’


