পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে মন্ত্রীর পূর্ব পুরুষদের বসতবাড়ি রয়েছে। ঈদের সময় তিনি সেখানেই অবস্থান করেন। ঈদের পরদিন রোববার (২২ মার্চ) থেকে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত তিনি রোগী দেখেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, সকাল থেকেই তার বাড়ির সামনে রোগীদের ভিড় জমতে থাকে। বিভিন্ন বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বরসহ নানা সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যা নিয়ে তার কাছে আসেন। এর মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ইউরোলজি ও নিউরোলজির রোগীরাও ছিলেন।
তিনি আরো জানান, গ্রামের মানুষ সহজভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন। রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। কোথায় গিয়ে উন্নত চিকিৎসা নিতে হবে এবং কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, সে বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
উল্লেখ্য, ডা: এ জেড এম জাহিদ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত।



