রংপুর ব্যুরো
রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলায় অভিযুক্ত মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে র্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সদর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে অভিযান চালিয়ে রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৯ এপ্রিল নগরীর মাছুয়াপাড়া মোড়ে প্রকাশ্যে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মমিনসহ তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে রাকিব ও মমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ১৪ জানুয়ারি রাকিবের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
এ ছাড়া হত্যাকাণ্ডের আগের দিন মমিনের স্ত্রী সুইটির সাথে রাকিবের বাগ্বিতণ্ডা হয়। এ সময় সুইটিকে চড় মারে রাকিব। পরের দিন তাকে কুপিয়ে হত্যা করা হয় ।
এ হত্যাকাণ্ডের জেরে এলাকায় কিছু দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
র্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত রাকিব মহানগর যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।



