ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিএনপি নেতার পরিচ্ছন্নতা অভিযান

কর্মসূচির অংশ হিসেবে হাতেম আলী কলেজ, চৌমাথা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে শুক্রবার এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো।

কর্মসূচির অংশ হিসেবে হাতেম আলী কলেজ, চৌমাথা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে রহমাতুল্লাহ বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; এ জন্য নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিচ্ছন্ন ও মশকমুক্ত বরিশাল গড়তে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বিডি ক্লিনের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, উপদেষ্টা আকবর চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপুর্ব অপু, বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহবিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন, বরগুনার অতিরিক্ত সমন্বয়ক ইব্রাহিম মাসুম, সদস্য মো. ইত্তেসাফ আর রাফি সিকদার, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্যসচিব নাজমুস সাকিব, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।