সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরো ৩১১ পর্যটক

সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে শুক্রবার সকালে ৩১১ জন পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rangamati

টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের সরিয়ে নেয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। দ্বিতীয় দফায় আরো ৩১১ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে বের করে আনা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

জোন সূত্র জানায়, সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে শুক্রবার সকালে ৩১১ জন পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এ নিয়ে মোট ৪৬১ জন পর্যটক নিরাপদে সাজেক ছাড়লেন। এখনও সেখানে প্রায় ১০০ জন পর্যটক অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

টানা বর্ষণে পাহাড়ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে ঘোষণার আগে সেখানে অবস্থান করা ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম পরিচালনা করছে।