নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো: আবদুল্লাহ্-আল-ফারুক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে ব্রিজের উপর থেকে নদীতে ফেলা হচ্ছে।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেফতার করে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকে। আভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৬টায় নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগমকে (৫২) গ্রেফতার করেছে।
এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।



