দাগনভূঞায় খাবারের বিষক্রিয়ায় অসুস্থ ৫

অসুস্থদের প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে রাতের খাবার খেয়ে একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে ইউনিয়নের ২ নম্বর রাজাপুর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের হাট খোলা বাড়ির কবির আহম্মদের ঘরে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন কবির আহম্মদের ছেলে রাসেল (২২) ও সাব্বির (১৯), রাসেলের স্ত্রী আকলিমা আক্তার (১৯)। এছাড়া ওই বাড়িতে বেড়াতে আসা স্বজন মোহাম্মদ রাসেল (৩২) ও তার স্ত্রী বিবি কুলসুমও (২৪) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।

অসুস্থদের প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে আনা রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা শফি উল্লাহ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ধারণা, কোনো অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশে খাবারের সাথে নেশাজাতীয় বা বিষাক্ত কোনো দ্রব্য মিশিয়ে দিয়ে থাকতে পারে।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল আজিম নোমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।