মেহেরপুরে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে গ্রেফতার ২

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রাম থেকে ২৬ ব্যারেল জ্বালানি তেল ডিজেল জব্দ করা হয়েছে। এই তেল কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
অবৈধভাবে মজুদ ডিজেল
অবৈধভাবে মজুদ ডিজেল |নয়া দিগন্ত

মেহেরপুর সদর উপজেলার পৃথক অভিযানে সীমান্তবর্তী দক্ষিণ শালিকা ও ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে আবু সুফিয়ান ও মোয়াজ্জেম হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ওই গ্রামে অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল।

অভিযানে আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবী ট্রেডার্স নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে মজুদকৃত পাঁচ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ফারাবি ট্রেডার্সের মালিক আবু সুফিয়ানকে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অবৈধভাবে বিপুল পরিমানে জ্বালানি তেল মজুদ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ২৬ ব্যারেল জ্বালানি তেল ডিজেল জব্দ করা হয়েছে। এই তেল কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল। ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মজুদকারী আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ‘সীমান্তবর্তী এলাকাগুলো সবসময়ই সংবেদনশীল। এখানে অবৈধ জ্বালানি তেল মজুদ, পাচার কিংবা চোরাচালানের ঝুঁকি থাকে। আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। দক্ষিণ শালিকায় যে পরিমাণ তেল উদ্ধার হয়েছে, তা স্বাভাবিক নয়। প্রাথমিকভাবে এটি একটি সংগঠিত অবৈধ মজুদ কার্যক্রম বলে মনে হচ্ছে। এসব অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় মজুদকারি মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এনামুল জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তার বসত বাড়ি থেকে চারটি ব্যারেল ভর্তি ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অবৈধভাবে ডিজেল মজুদ করে বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছিলেন। এ সময় উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।