সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বেগম সেলিমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঘোষিত ৩৬ জন মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বেগম সেলিমা রহমান
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বেগম সেলিমা রহমান |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঘোষিত ৩৬ জন মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

দলীয় সূত্র ও রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সেলিমা রহমানকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি ২০০১–২০০৬ মেয়াদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়েও তিনি সমৃদ্ধ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতি সন্তান সেলিমা রহমান সাবেক বিচারপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের ষষ্ঠ সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের মেয়ে।

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এদিকে, সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৩৬ জনের মনোনয়ন তালিকা ঘোষণা করেন।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এ মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পর সংবিধান অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে সেলিমা রহমানের মনোনয়ন বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং আগামী জাতীয় সংসদে দলটির অবস্থানকে আরো শক্তিশালী করতে সহায়ক হতে পারে।