মাদারীপুরের শিবচর উপজেলার কৃতি সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক রাহবার, মহান সমাজ সংস্কারক, হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার তিন দিনব্যাপী ৮১ তম বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বাহাদুরপুরের ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল। মোনাজাত পরিচালনা করেন বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
বুধবার হাজী শরীয়তুল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদরাসার ৮১তম ওয়াজ মাহফিল বর্তমান পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুযূর্গ এবং আলেমগন বয়ান করতে থাকেন।
মাহফিলের ২য় দিন বাদ জোহর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হয়।মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ ওয়াজ নসীহত পেশ করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) মাদারীপুরের শিবচরে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহত্তম জুমার নামাজের জামাত। এখানে লক্ষাধিক মুসল্লি জুমার নামাজে অংশ নেন। জুমার নামাজের ইমামতি করেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
মাহফিলে অংশ নিতে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শিবচরে আসতে শুরু করেন।



