সিলেটে ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল ও কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার ডাকাত
গ্রেফতার ডাকাত |নয়া দিগন্ত

সিলেট নগরীর আলোচিত হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিন-দুপুরে ফিল্মি স্টাইলে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ ওরফে রশিদ আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল ও কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রশিদ সিলেট জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটককৃত রশিদ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনতায়ের ঘটনায় সিসিটিভি ফুটেজে রশিদকে দেখা যায়।

এর আগে ২৪ ফেব্রুয়ারি একটি সিএনজি চালিত অটোরিকশা হাউজিং এস্টেট এলাকার ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজি চালিত অটোরিকশা করে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অটোরিকশা থামিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকপাতা, আইফোন ও এটিএম কার্ড ছিল। ছিনতাইকারীরা পরে ব্যাগ থেকে টাকা নেয়ার পর আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায়।