বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাসিনার আমলে বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ শীঘ্রই প্রত্যাহার করা হবে। এর জন্য ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।’
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে খুৎবার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘হাসিনা বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট করেছে। বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। ক্যাপাসিটি চার্জের নামে ঘনিষ্ঠদেরকে লুটপাট ও টাকা পাচার করার সুযোগ দেয়া হয়েছিল। বিদ্যুত হচ্ছে দেশের উন্নয়নের চাবিকাঠি। এখন ভঙ্গুর বিদ্যুৎ খাতকে নতুন করে সাজাতে হবে।’
বিদ্যুৎ মন্ত্রী বলেন, চাঁদাবাজি বন্ধে শহরের এস এস রোডের অবৈধ ফুটপাত দখল মুক্ত করা হবে এবং ফুটপাতের দোকানদারদের শহরের নির্দিষ্ট একটি স্থানে ব্যবসা করার সুযোগ দেয়া হবে।,
এসময় তিনি জেলা প্রশাসনকে আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত করার নির্দেশ দেন।
সিরাজগঞ্জ শহরের পাড়ায় মহল্লায় ঠুনকো কারণে সংঘর্ষের ঘটনা আর যাতে ঘটতে না পারে সেজন্য প্রশাসনকে ইতোমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মাস্তান ও চাঁদাবাজদের দৌরাত্ম মূলোৎপাটনের লক্ষে যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি এখন দেশ গঠনে আত্মনিয়োগ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি এখন উন্নত সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ উপহার দেবেন।’
জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার নতুন সরকার, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



