নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ১৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ও সাত হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার নিতপুর মাস্টার পাড়া গ্রামের কালু শেখের ছেলে আব্দুস সালাম (৩৪) ও হানিফের ছেলে আনারুল ইসলাম (২৫)।
নিতপুর ক্যাম্পের সুবেদার সেখ আব্দুল জব্বার জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নিতপুর বিওপির এক কিলোমিটার দক্ষিণ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর দিয়াড়াপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি ইঞ্জিনচালিত নৌকা এবং সাত হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। নৌকাসহ যাহার মুল্য আনুমানিক ১১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
এসময় নিতপুর পুরাতন দিয়াড়াপাড়ার সেলিম (৪২), মোহাম্মদ আল আমিন (৩৫), রবিউল (৪০) ও নিতপুর মাস্টার পাড়ার নুরু (৩৫) নামে চারজন চোরাকারবারি পালিয়ে যান।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ও পলাতকদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার করা নৌকা ও মাদকদ্রব্যসহ আটকদের পোরশা থানায় হস্তান্তর করা রয়েছে। তবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।



