মুক্তাগাছায় ৩ কোটি টাকা নি‌য়ে এনজিও উধাও

গত ২০ ফেব্রুয়ারি পয়ারকান্দি এলাকায় ভাড়া বাসায় অফিস খুলে প্রতিষ্ঠানটি সদস্য সংগ্রহ শুরু করে। ঋণ পেতে হলে সদস্য ফি ও ঋণের ১০ শতাংশ সঞ্চয় জমা দিতে হবে, এমন শর্তে জনপ্রতি ১১ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
বি‌ক্ষুব্ধ গ্রাহকদের এন‌জিও কার্যালয় ঘেরাও
বি‌ক্ষুব্ধ গ্রাহকদের এন‌জিও কার্যালয় ঘেরাও |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে তিন শতাধিক মানুষের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘সিভিল স্যোসাইটি সাপোর্ট প্রোগ্রাম’ (সিএসএসপি) নামে একটি কথিত এনজিও।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঋণ বিতরণের দিন অফিসে তালা ঝুলতে দেখে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি পয়ারকান্দি এলাকায় ভাড়া বাসায় অফিস খুলে প্রতিষ্ঠানটি সদস্য সংগ্রহ শুরু করে। ঋণ পেতে হলে সদস্য ফি ও ঋণের ১০ শতাংশ সঞ্চয় জমা দিতে হবে, এমন শর্তে জনপ্রতি ১১ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়। অল্প সময়েই কয়েকশ মানুষের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা সংগ্রহ করা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার ঋণ দেয়ার নির্ধারিত দিন থাকলেও সকালে গিয়ে গ্রাহকরা অফিসে তালা দেখতে পান। অভিযুক্ত ম্যানেজার জুয়েলসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বাড়ির মালিকের ছেলে রাসেল বলেন, ‘বৃহস্পতিবারই ভাড়া চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল। এর আগেই তারা সটকে পড়েন।’

এদিকে কথিত ক্যাশিয়ার ঈশিতা আক্তার মিনারা নিজেকে নির্দোষ দাবি করে জানান, তার নিজেরও ৫০ হাজার টাকা খোয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ভুঁইফোঁড় এনজিওগুলো গ্রামে ঢুকে সাধারণ মানুষকে প্রতারিত করছে। দ্রুত জড়িতদের গ্রেফতার ও অর্থ উদ্ধার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।