আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।
প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষে গৌরনদীতে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা দেখা দিয়েছে। সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদী উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীম জানান, আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, দলীয়ভাবে তারা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জেনেছেন। সফর সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন ও দল একাধিক সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এছাড়া প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই গৌরনদী সফর ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ও তদারকি চালিয়ে যাচ্ছেন।
বাটাজোরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ৩০ গোডাউন বধ্যভূমিসংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেয়ার কথা রয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদীবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সফরটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে ২০০৩ সালে তারেক রহমান গৌরনদী সফর করেছিলেন। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী সফর এলাকাবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তারা।



