সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া ব্র্যাক অফিসের পূর্বপাশে পুলের টুক সংযোগস্থল এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
নিহত জিহাদ
নিহত জিহাদ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আজগর আলী কুট্টাপাড়ার নাইল্লা ভাঙা খালে মাছ ধরতে যায়। বিকেল ৪টার দিকে জিহাদ তার বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। পরে বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধার পর বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে আবার বের হয়। কিন্তু রাত গভীর হলেও বাড়ি ফেরেনি সে।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া ব্র্যাক অফিসের পূর্বপাশে পুলের টুক সংযোগস্থল এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’