সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযানকালে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এ সময় কীটনাশকগুলো জব্দ করা হয় ।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
কীটনাশকের দোকান মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানোর মুহূর্ত
কীটনাশকের দোকান মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানোর মুহূর্ত |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের অভিযানে সার ও কীটনাশক বিক্রয়কারী দু’টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযানে শহরের শহীদ তুলশীরাম সড়কের মেসার্স ইসলাম ট্রেডার্সকে ২০ হাজার ও শেরেবাংলা সড়কের তামান্না সিনেমা হল সংলগ্ন মেসার্স মন্ডল ট্রেডার্সকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাব্বির হোসেন। তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম। এছাড়াও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রথমে শহরের নয়াবাজারে উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের সারের গুদামে যায় আভিযানিক দল। সেখানে সার বিক্রির রেজিস্ট্রারে ক্রেতার (কৃষক) ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকায় এবং গুদামের সার্বিক পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিক পরিশোধ করেন সার ডিলার মো: নুর ইসলাম।

এরপর শহরের তামান্না সিনেমা হল মোড়ে কীটনাশকের দোকান মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযানকালে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এ সময় কীটনাশকগুলো জব্দ করা হয় এবং দোকান মালিক মো: আব্দুস সালামকে আট হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে আগামীতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য উভয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।