গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পৃথক অভিনন্দন বার্তায় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র, সুশাসন ও শিক্ষা-গবেষণায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বার্তায় ডুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান নির্বাসনে থেকেও দীর্ঘ ১৭ বছর দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়ে গেছেন।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে আজ দেশের অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করেছেন।
ভিসি আরো বলেন, তার প্রজ্ঞা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতায় বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক পথে সগৌরবে যাত্রা শুরু করেছে। আইনের শাসন, বাকস্বাধীনতা ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠায় তার অন্তর্দৃষ্টিসম্পন্ন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন ও ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে ডুয়েট দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ের প্রেক্ষাপটে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক অভিনন্দন বার্তায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা জানায়।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনখাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে—এটাই সবার প্রত্যাশা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে তারা বিশ্বাস করেন। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, অ্যাকাডেমিক স্বাধীনতা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে।
একই সাথে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন মন্ত্রিসভা জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে তারা নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



