বগুড়া সিটি করপোরেশনের (বসিক) প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, ‘যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর কাজ করছি। তবুও যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে। জনসচেতনতার অভাবে এসব হচ্ছে। নিজের শহর নিজেদের পরিস্কার রাখতে হবে। মিডিয়া কর্মীরা এসব তুলে ধরায় আমরা সজাগ হচ্ছি।’
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বগুড়া মহানগরীর করতোয়া নদীর উপর নবনির্মিত শাহ ফতেহ আলী সেতুর নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিটি করপোরেশন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
সকাল থেকে চেলোপাড়া এলাকায় সেতুর নিচে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ করেন শতাধিক স্বেচ্ছাসেবী। এতে সিটি করপোরেশন ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। সেতু এলাকা পুরোপুরি পরিচ্ছন্ন ঘোষণা করা হয়। শহর থেকে মহল্লা পর্যন্ত সব স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সার্বিক নির্দেশনা দেন সিটি করপোরেশন প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মাহবুব আলম জিয়ন, বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু।


