শরীয়তপুরের নড়িয়ায় চটপটির দোকানঘর নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মানদীর তীরে একটি চটপটির দোকানঘর নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি। এই নির্মাণকাজে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজিব ছৈয়ালের সমর্থকরা। অপরদিকে রাসেল বেপারির পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকরতায় শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। বিকট শব্দে একের পর এক ককটেল ফাটতে থাকায় মূলফৎগঞ্জ বাজার ও আশপাশের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’



