কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে উপজেলার নভাগিয়া বিলসহ বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিলের জীববৈচিত্র্য ধ্বংসকারী ২২টি চায়না দুয়ারি (রিং জাল) এবং প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রিফাত জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পাকুন্দিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত ২২টি চায়না দুয়ারি জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২০০০ মিটার। এছাড়া অভিযানে আরো প্রায় ১০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। পরে মৎস্য আইন অনুযায়ী জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



