বগুড়ার শেরপুরে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সজিব প্রামানিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
জানা গেছে, নিহত সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা মাসুদা জানান, রাত ৩টার দিকে সজিব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।
নিহতের ভাই সোহেল রানা বলেন, ‘রাত ৩টা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি, সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।’
স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং নিয়মিত নেশা করতেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



