মিঠামইনের মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Location :

Kishoreganj

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার দুই ভাইকে মারধর করে বেঁধে রাখা হয়।

বুধবার (২৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকায় ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর উপজেলার ধলাই গ্রামের গোপদিঘী এলাকার ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর তার দুই ভাই আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমানকে সাথে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরিহিত অজ্ঞাতপরিচয় চারজন ব্যক্তি বল্লম ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুরকে নদীর পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে।

একপর্যায়ে সাইদুর পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ-আল-শাফী জানান, রাত সাড়ে ৪টার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ডান পাশে ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।