ফেনী অফিস
ফেনীর পরশুরামে পড়ে থাকা বিদ্যুৎস্পৃষ্টে ননাই বিবি (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মহম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ননাই বিবি উত্তর মহম্মদপুর গ্রামের জর্দার বাড়ির কাশেমের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ননাই বিবি দেখতে পান যে, একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার ওপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্য পথচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিজ উদ্যোগে তারটি সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু তারটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পরশুরাম পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দু:খজনক। তারটি ছেঁড়া অবস্থায় ঝুলে ছিল, তবে এ ব্যাপারে স্থানীয়ভাবে আমাদের অফিসে আগে থেকে কোনো অভিযোগ বা তথ্য দেয়া হয়নি। তথ্য না পাওয়ার কারণে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সুযোগ হয়নি।



