নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেচ্চসেবী সংগঠন বাংলা সংসদ ও চলো পাল্টাই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের সামনে একটি করে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম কর্মসূচির সফলতা কামনা করেন এবং নোবিপ্রবিকে একটি সবুজ ক্যাম্পাসে পরিণত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ব্র্যাক ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ম্যানেজার মো: শাহেদুজ্জামান এবং পরিবেশবাদী সংগঠন তরুপল্লবের প্রতিনিধিসহ অতিথিরা উপস্থিত ছিলেন।



