জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে সোলাইমান নামে এক ব্যক্তির দোকানে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা নয়াদিগন্তকে বলেন, অভিযানে ৭৯ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



