অপরাধ যেই করুক কারো ক্ষমা নেই : বিমান ও পর্যটনমন্ত্রী

‘আমাদের উন্নয়নমূলক কাজে সবাই সহযোগিতা করুন। আসুন আমরা সবাই মিলে মানিকগঞ্জকে একটি উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তুলি।’

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
নারী দিবসে আলোচনা সভায় বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
নারী দিবসে আলোচনা সভায় বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা |নয়া দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘অপরাধ যেই করুক, অপরাধী যদি আমার দলের নেতাকর্মীও হয় তার ক্ষমা নেই। কোনো অপরাধ, দুর্নীতি ও অন্যায় সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো ফায়দা লুটার চেষ্টা করে তবে আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, সাথে সাথে আমাকে ফোন দেবেন।’

রোববার (৮ মার্চ) মানিকগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আফরোজা খানম রিতা বলেন, ‘রাজনীতিসহ সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করে তাদের ক্ষমতায়ন বাড়াতে হবে। আমরা ঘরও সামলাতে পারি আবার দেশও পরিচালনা করতে পারি। সব ক্ষেত্রেই নারীদের এগিয়ে আসতে হবে।’

বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী দুর্নীতি, দায়িত্বে অবহেলা বা গাফিলতি, পক্ষপাতিত্ব, দলবাজিসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘অপরাধ যেই করুক, হোক সে সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তি কাউকে ছাড় দেয়া হবে না। ১৭ বছর দেশবাসী চরম অত্যাচারের শিকার হয়েছে। এখন আমরা দেশবাসীর খাদেম হিসেবে, তাদের পাশে থেকে তাদেরকে শান্তির সমাজ উপহার দিতে চাই। জনগণকে কেউ বিরক্ত করলে অ্যাকশন নেয়া হবে।’

মানিকগঞ্জকে একটি শান্তির জনপথ হিসেবে উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমাদের উন্নয়নমূলক কাজে সবাই সহযোগিতা করুন। আসুন আমরা সবাই মিলে মানিকগঞ্জকে একটি উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তুলি।’