যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক বাওড় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একই সাথে বাওড়ে তিনি একটি মোটর সেচ ব্যবহার করে কৃষিকাজ ও সেচের পানি বিক্রি করতেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (২০ জুন) সকালে বাড়ি থেকে কাজে বের হলেও আতিয়ার রহমান আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজনতার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাওড়ের পাশের মুলিখালি বটতলার একটি খালের মধ্যে কচড়িপানার নিচে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতিয়ার রহমানের লাশ উদ্ধার করে। লাশের গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।’



