মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে একটি বাস থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এগুলোর মূল্য প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা।
রোববার (৮ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি বাস তল্লাশি করে প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই হাজার ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগীর মুচলেকা নিয়ে বাস ছেড়ে দেয়া হয়।
পরে জব্দকৃত জাটকা লৌহজংয়ের সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



