চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই, আহত ৩

ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা এক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Nawabganj
বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি
বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি |ইন্টারনেট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা এক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলেও তারা জানান। বিস্ফোরণে ঘরের চাল উড়ে যায় এবং ঘরের বেশিভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণে নিহত দু’জনের পরিচয় এখনো নিশ্চিত না হলেও আহতদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (৫২), অপরজন রানীহাটির রামচন্দ্রপুর এলাকার ধুমি গ্রামের মো: শুভ (২০)। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আজ ভোর ৫টার দিকে এখানে বিকট শব্দ হয়। ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের মতো শব্দ।

ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিস্ফোরণের কারণ ও এর সাথে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বোমা ডিসপোজাল ইউনিট আসছে, তারা আসার পরে এই ঘটনাস্থল পরীক্ষা করবেন। আরো কোনো আলামত বা অবিস্ফোরিত কিছু আছে কি না, সেটা দেখার পর আমরা আইনানুগ প্রক্রিয়া শুরু করব।

সূত্র : বাসস