ফরিদপুরে ১০ সহস্রাধিক ইয়াবাসহ আটক ৫

আটককৃতরা হলেন—হাড়োকান্দি মহল্লার সুমন মৃধা ওরফে ইয়াকুব আশিকুর রহমান রাহাত (২৫), মিরাজুল ইসলাম (২৯), সোলায়মান মৃধা (২৬) এবং পশ্চিম খাবাসপুর মহল্লার রুমান মোল্লা (২৯)।

Location :

Faridpur
ফরিদপুরে ইয়াবাসহ আটককৃতরা
ফরিদপুরে ইয়াবাসহ আটককৃতরা |নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ হাজারেরও বেশি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের ‘ঊষা ভবন’ ও আশপাশ এলাকায় অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—হাড়োকান্দি মহল্লার সুমন মৃধা ওরফে ইয়াকুব আশিকুর রহমান রাহাত (২৫), মিরাজুল ইসলাম (২৯), সোলায়মান মৃধা (২৬) এবং পশ্চিম খাবাসপুর মহল্লার রুমান মোল্লা (২৯)।

ফরিদপুর ডিবি পুলিশের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার বিষয়ে নজরদারি চলছিল। শুক্রবার বিকেলে ‘ঊষা ভবন’-এর সামনে থেকে আশিকুর রাহাতকে নীল রঙের জিপারযুক্ত ২০টি পলিব্যাগে থাকা ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভবনের ভেতর থেকে অন্যদের আটক করা হয়।

তিনি আরো জানান, সুমন মৃধার কাছ থেকে ১৪টি জিপার ব্যাগে ২ হাজার ৮০০ পিস এবং খোলা অবস্থায় আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিরাজুল ইসলামের কাছ থেকে ১৬টি জিপার ব্যাগে ৩ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানকালে আটক সোলায়মান মৃধা ও রুমান মোল্লা মাদকচক্রের সহযোগী বলে দাবি পুলিশের। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।