নড়াইলে নগদ টাকা ও পাসপোর্টসহ ইয়াবা কারবারি আটক

রিকু মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনার সাথে জড়িত। তার মাধ্যমে কালিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
ইয়াবা কারবারি রিকু মোল্যা
ইয়াবা কারবারি রিকু মোল্যা |নয়া দিগন্ত

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম থেকে দুই হাজার ৪৮ পিস ইয়াবা, মাদকবিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, পাসপোর্ট ও দু’টি মোবাইল ফোনসহ মাদক কারবারি রিকু মোল্যাকে (৩৬) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে কালিয়া থানায় সোর্পদ করা হয়। রিকু মহিষখোলা গ্রামের হারেজ মোল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, সোমবার দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মহিষখোলা গ্রাম থেকে রিকু মোল্যাকে আটক করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

স্থানীয়রা জানান, রিকু মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনার সাথে জড়িত। তার মাধ্যমে কালিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আটক মাদক কারবারি রিকুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।