শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক

মশিক মিয়া তার দুই শিশুসন্তানকে মারধর করছিল। এ সময় তার বাবা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
অভিযুক্ত নিহতের বড় ছেলে মশিক মিয়া (৩৫)
অভিযুক্ত নিহতের বড় ছেলে মশিক মিয়া (৩৫) |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো: আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর রহমান শহিদ (৪৭)। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছোট ছেলে মশিক মিয়া (৩৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: আওলাদ হোসেন নয়া দিগন্তকে জানান, মশিক মিয়া তার দুই শিশুসন্তানকে মারধর করছিল। এ সময় তার বাবা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তিনি আরো জানান, বিষয়টি দেখে মশিকের বড়ভাই শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোট ভাই মশিক। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার বড় ছেলে শহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোবাইলফোনে নয়া দিগন্তকে জানান, অভিযুক্তকে নিজ এলাকার একটি পাহাড়ে লুকিয়ে থাকাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।